মেঘ, তোমার গল্প বলো শুনি,
দূর বাতাসের কাছে আসা
ভেজা পাতার জল চুঁয়ানো ছন্দে ভরা।
খুব অবেলায় কাজল রঙে
আকাশ অন্ধ করা
ভীষণ শুধু তোমায় সাজে।
তোমার মাঝে যেমন বাজে বিরহী সুর,
ভালোবাসার গন্ধে আকুল—
আর কোথাও এমন তো নেই,
নেই যে এমন জগৎ অন্ধ করা
মেঘবতী জল, জলের নিনাদ;
বলো, তোমার গল্প এবার বলো।
কতটা মেঘ জমলে আকাশ দুঃখবতী
অঝোর ধারা হয়?
আনত জল মাটি ছেড়ে আকাশমুখী হয়।
মেঘ তুমি রৌদ্র হরো, অনায়াসে সূর্য আড়াল করো,
আলো নেভাও।
এই যে এত আকাশ অন্ধ করা,
অসীম নীলে ধোঁয়াটে রং, নিথর পর্দা টানা—
এত আয়োজন, বলো কোথায় কেমন করে
তোমার একক কাব্যলিখন হলো?
মেঘ, তোমাকে চেনা চেনা,
আবার কখন খুব অচেনা লাগে।
বছরজোড়া অভিমানে
তোমার আশায় অধীর থাকে অরণ্যতীর,
দহনক্লান্ত ধুলোকণা, রোদের পালক,
ঝরা পাতা, মরা ঘাসের সারি।
কোথায় হারাও, কোথায় লুকোও তুমি?
দেবে কি সেই ঠিকানাটা তোমার?