ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ |
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ |
শিল্প-সাহিত্যের খবর | নভেম্বর ১৪, ২০২৬ | Bangla Charu

হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মবার্ষিকী স্মরণে চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’র সাহিত্য আসর

হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা ও সাহিত্যকর্ম পাঠ, গঠনমূলক পর্যালোচনা এবং বই ও চিত্রকর্ম উপহারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’র ১৬৪১তম পর্ব। গতকাল শুক্রবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’-এ এ আসর অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মিম্মা সুলতানা মিতা। শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি ইকবাল আতাহার তাজ বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মবার্ষিকী স্মরণ করে তাঁর বর্ণাঢ্য সাহিত্যজীবন ও সাহিত্যকীর্তি নিয়ে আলোচনা করেন।

এরপর শুরু হয় মূল সাহিত্য আয়োজন। পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের ক্যালিফোর্নিয়া ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও গল্পের মধ্য দিয়ে আসরের সূচনা হয়। পরে পর্যায়ক্রমে স্বরচিত কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম পাঠ করেন মো. জহির রায়হান, মো. আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, ইদ্রিস মণ্ডল, মো. শহিদুল ইসলাম, বনলতা, হোসেন মোশাররফ, জি এম জোয়ার্দার, কাজল মাহমুদ, গুরু কাজল মল্লিক, আবু নাসিফ খলিল, পূর্ণিমা সাহা, আনছার আলী, ফয়সাল আহমেদ, ও মর্জিনা খাতুন। এ ছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ থেকে অংশবিশেষ পাঠ করেন সুমন মালিক।

পাঠপর্ব শেষে অংশগ্রহণকারীদের উপস্থাপিত লেখা ও সাহিত্যকর্ম নিয়ে গঠনমূলক আলোচনা, মূল্যায়ন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, মোহাম্মদ তৌহিদ হোসেন, মো. আলাউদ্দীন, হুমায়ুন কবীর, কাজল মাহমুদ ও আবু নাসিফ খলিল। তাঁদের আলোচনায় লেখার বিষয়বস্তু, উপস্থাপনা ও সাহিত্যিক উৎকর্ষের বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানের একপর্যায়ে জি এম জোয়ার্দার তাঁর শিল্পসমৃদ্ধ চিত্রকর্ম ও বইসমগ্র চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের লাইব্রেরিতে উপহার হিসেবে প্রদান করেন। তাঁর এ উদ্যোগ সাহিত্য পরিষদের পাঠাগার সমৃদ্ধ করার পাশাপাশি সাহিত্য ও শিল্পচর্চার প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৪১তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের এ মিলনমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ ফারুক, মোজাম্মেল হক, গোলাম কবীর মুকুল, মোছা. জাহানারা খাতুন, আশিকুজ্জামান আসাদ, শেখ পিন্টুসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

 

শেয়ার করুন: