ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ |
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ |
কবিতা | নভেম্বর ১২, ২০২৬ | Bangla Charu

প্রজাপতি আর ফড়িঙের মঞ্চে -আহমেদ রিগান

এই যে ফড়িং,
বালকের কাছে যেও না।
আর প্রজাপতি,
তুমিও যেওনাকো বালকের কাছে।

বালকেরা ভারি দুষ্টু,
ওরা তোমাদের প্রেমে পড়বে,
নিশ্চিত।

বালকের প্রেম ভয়ংকর!

ওরা তোমাদের ধরতে চাইবে,
পেছন পেছন ছুটবে,
তোমাদের লেজে আর পায়ে,
সুতো বেধে দিবে।

প্রেমের সুতো।
খুব পচা জিনিস।

তোমরা যখন ওড়ার জন্য, আঁকুপাঁকু করবে।
ওরা তখন হিহি করে হাসবে।
কেউ কেউ তোমাদের, পাখা ছিঁড়ে দিবে।
পায়ের তলায় পিষ্ট করবে।

ওদের প্রেম এমনই।
তোমাদের কষ্টে ওরা
পৈচাশিক আনন্দে মজবে।

তোমরা বরং বুড়োদের কাছে যাও।

ওরা তোমাদের উড়তে দিবে।
যেমন খুশি উড়বে।
ওরা তাকিয়ে থাকবে, অপলক মুগ্ধতায়।

বুড়োদের অনেক প্রেম।
তবু ওরা একা।

ওদের দিন কাটে নিঃসঙ্গ
রাত কাটে নিঃসঙ্গ,
নির্ঘুম।

তখন ওরা জোনাকি দেখে।
ওদের জ্বলা-নেভা
বুড়োদের দারুণ লাগে।

তখন রাতে ঘুমিয়ে পড়ে, বালকেরা।
সারাদিন দুষ্টুমি করে
ক্লান্ত থাকে ওরা।
রাত ওদের জন্য,
ক্লান্তি আর ভয় আনে।

প্রেমে ক্লান্তি বা ভয়,থাকতে নেই।
বুড়োরা এসব জানে
বুড়োরা আসলে সব জানে ।

কোন বাতাসে আমের মুকুল ঝরে,
কোন বাতাসে হয় ফুলেল আলিঙ্গন।

ওরা আকাশ চিনে,
মেঘ চিনে।
ওরা জানে,
সব মেঘে বৃষ্টি হয়না।
সব মেঘ ছায়া দেয়না।

ওরা মেঘ বুঝে প্রেম করে।
বৃষ্টির ছায়া গায়ে মাখে।

সুন্দরের সন্ধানে বুড়োদের সময় কাটে।
তোমরা যাও ওদের কাছে।

প্রজাপতি,
তুমি যাও।
দেখবে,
তোমার ডানা হবে, আরো রঙিন।
ফড়িং,
তুমিও যাও ,ওদের কাছে।
দেখবে,
তুমি উড়ছো, আরো উঁচুতে।

প্রেম দাও, প্রেম নাও।
আর দ্যাখো।
বুড়োরা আসলে,
বুড়ো না।
সব টগবগে যুবক।

শেয়ার করুন: