ভালোবাসার বিরুদ্ধে সাক্ষ্য -সাকিব রাজু

লেখক: Bangla Charu
প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬

ভালোবাসতে শিখিনি আমরা এখনো,
অধিকারকেই ভেবেছি ভালোবাসা যত।
হিসেব কষে বেঁধেছি সব সম্পর্কের ঘর,
তাই তো ভেতরটা থেকেছে নির্জন, পর।

আমরা অপেক্ষা করিনি, করেছি শুধু দখল,
অহংকারের আগুনে পুড়েছে সকল ফসল।
স্পর্শের আগেই লিখেছি বিচ্ছেদের নাম,
তারপর ভালোবেসে খুঁজেছি অবিরাম।

সত্য কোনোদিন হারে না, হারায় শুধু মুখ,
মিথ্যার কাছে বিকিয়ে যায় সাময়িক সুখ।
ক্ষমাকে বলেছি দুর্বলতা, ক্রোধকে বল,
তাই তো হৃদয়জুড়ে জমেছে সমুদ্রসমান জল।

প্রেম মানে নয় কেবল প্রতিশ্রুতির বাণী,
প্রেম মানে ঝড়ের মাঝেও হাত না ছাড়ার টানি।
যে ভালোবাসে, সে জানে না লাভ-ক্ষতির হিসাব,
নিঃস্ব হয়েও রেখে যায় ভালোবাসার জবাব।

একদিন থেমে যাবে সময়ের সব গান,
নিভে যাবে পৃথিবীর উৎসব-আয়োজন।
শুধু একটি প্রশ্ন তখন দাঁড়াবে নীরব হয়ে—
কতজনকে ছুঁয়েছিলে হৃদয় দিয়ে,

আর কতজনকে হারিয়েছ নিজের অহংকার বয়ে?